ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রভাসচন্দ্র মণ্ডলের মেয়ে পায়েল মণ্ডলের বিয়ে ছিল। বৌভাত শুক্রবার। বাড়িতে আত্মীয়স্বজনের ভিড়। অভিযোগ, বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎই বাড়ির ছাদে বোমা পড়ে।
.png)
পাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুরুষ ও মহিলা-সহ মোট সাত জন আহত হয়েছেন। এ সময় ঝলসে যায় তাদের শরীরের একাংশ। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেশীরাই আহতদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহত অবস্থায় গুণেন্দ্রনাথ মণ্ডল ও ভানুমতী মণ্ডল নামের দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। ঠিক কী কারণে এই বোমা হামলা, তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন পাত্রীর বাবা।
মূলত সেই টাকা শোধ করতে না পারায় বোমা হামলা বলে অভিযোগ। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।
আহত ভানুমতী বলেন, ‘ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ কিছু একটা এসে পড়ল। হাত-পা সব ঝলসে গেছে। শুনছি পাশের বাড়ির কারো সঙ্গে টাকা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল। যার জেরে এই বোমাবাজি।’
মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘একটি উত্তেজনার খবর পেয়েছি। নিরাপত্তার কারণে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত চলছে।’