ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০০ টাকা দিতে না পারায় স্কুলছাত্রকে মদ খাইয়ে-বিবস্ত্র করে মারল সহপাঠীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২২ ডিসেম্বর ২০২৩
২০০ টাকা দিতে না পারায় স্কুলছাত্রকে মদ খাইয়ে-বিবস্ত্র করে মারল সহপাঠীরা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে স্কুলের এক সহপাঠীর কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিল দশম শ্রেণির এক ছাত্র। সেই টাকা না দিতে পারায় ঐ ছাত্রকে তুলে নিয়ে জোর করে মদ খাইয়ে, বিবস্ত্র করে মারধর করেছে তারই সহপাঠীরা।

বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমে বলা হয়, সহপাঠীরা ঐ ছাত্রকে লাঠি, বেল্ট দিয়ে মারধর করেও সেই ঘটনার ভিডিও করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা গেছে, অভিযুক্তরা ঐ ছাত্রকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে এবং পোশাক খোলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। ছাত্র কাকুতিমিনতি করতেই তাকে একের পর এক চড়-থাপ্পর মারা হয়।

পুলিশের কাছে ঐ ছাত্র দাবি করে, সোমবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে পার্কে বসে গল্প করছিল। সেই সময় তার চার সহপাঠী একটি গাড়িতে করে আসে। পরে তাকে গাড়িতে জোর করে তুলে নেয়। মৌরানিপুর রাস্তার ধারে একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আরো ২ জন আসে। তারা মদ্যপান করছিল। তাকেও জোর করে মদ্যপান করানো হয়। তারপর তাকে বিবস্ত্র করে মারধর করা হয়। সহপাঠীদের কয়েকজন সেই ঘটনার ভিডিও করে।

এ ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পুলিশে অভিযোগ করে ঐ ছাত্র। পুলিশের কাছে সে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ায় তার সম্মানহানি হচ্ছে। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত।

এদিকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!