ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩, ২০ নভেম্বর ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩ হাজার ছাড়ালো
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাস ধরে চালানো নৃসংশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

রোববার (১৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাড়ে ৫ হাজার শিশু এবং সাড়ে ৩ হাজার নারী রয়েছে।

Advertisement

এদিকে, শনিবার (১৮ নভেম্বর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। এই হামলায় লক্ষ্যবস্তু হয়েছে শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

এছাড়া অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আবু হাবাল নামের এক ব্যক্তির পরিবারের ৩২ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে ১৯ শিশুও ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই পরিবারের নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পাল্টা জবাবে টানা প্রায় দেড় মাস ধরে গাজায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!