ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি আরো তিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭, ২০ নভেম্বর ২০২৩
গাজায় ইসরায়েলি আরো তিন সেনা নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলায় অংশ নেয়া দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর আরো তিন সেনা নিহত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) গাজায় হামাসের সাথে লড়াইয়ে এই সেনারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থল হামলার সময় আইডিএফের তিন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন, সার্জেন্ট মেজর রানি তাহান (৪০), মাস্টার সার্জেন্ট ইয়াকির বিটন (৩৪)। তারা দু’জনই ইসরায়েলের সামরিক বাহিনীর দে নেহেমিয়ায় লড়াইরত ২৬১তম রিজার্ভ বিগ্রেডের ৮৭১৭তম ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন।

Advertisement

এছাড়া গাজায় স্থল হামলায় অংশ নেয়া ইসরায়েলি সামরিক বাহিনীর ৮১৫৯তম ব্যাটালিয়নের আর্টিলারি ইউনিটের আরেক কর্মকর্তা মেজর চেন ইয়াহালম (৩৫) নিহত হয়েছেন। শনিবার গাজায় হামাসের যোদ্ধাদের সাথে লড়াইয়ে ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে তারা কোন ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী।

গত ২৮ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় স্থল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা ৬১ জনে পৌঁছেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে হাসপাতাল, বাসস্থান এবং উপাসনালয়সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থাপনায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। তাদের বেশিরভাগই নারী এবং শিশু।

আর হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানি এক হাজার ২০০ জনে পৌঁছেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। যদিও প্রথমে হামাসের হামলায় ১ হাজার ৪০০ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!