ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েল ছাড়ছে মার্কিন নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৫, ১৬ অক্টোবর ২০২৩
ইসরায়েল ছাড়ছে মার্কিন নাগরিকরা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝে আটকা পড়া মার্কিন নাগরিকদের একটি দল ইসরায়েল ছেড়েছে।

সোমবার (১৬ অক্টোবর) মার্কিন নাগরিকদের বহনকারী রয়্যাল ক্যারিবিয়ানের একটি প্রমোদতরী সাইপ্রাসের উদ্দেশ্যে ইসরায়েল ছেড়েছে। প্রমোদতরীটি হাইফা বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

এর আগে, রোববার ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, প্রমোদতরীটি সোমবার হাইফা বন্দর ছেড়ে যাবে এবং সাইপ্রাসের লিমাসোল বন্দরে পৌঁছানোর আগে সমুদ্রে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা কাটাবে। নাগরিকরা নিজস্ব ব্যবস্থাপনায় প্রমোদতরীতে থাকবেন এবং লিমাসোল বন্দর থেকে পরবর্তী ভ্রমণের ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে।

Advertisement

যুদ্ধের মাঝে ইসরায়েল ছাড়তে মরিয়া বেশ কয়েকজন মার্কিন নাগরিক সোমবার সকাল থেকেই ইসরায়েলের হাইফা বন্দরে অবস্থান নেন। জেরুজালেমে নিযুক্ত মার্কিন দূতাবাস ইসরায়েল ত্যাগে ইচ্ছুক নাগরিকদের জন্য রোববার নিরাপত্তা সতর্কতা জারি ও তা অনুসরণের পরামর্শ দেওয়ার পর হাইফা বন্দরে ভিড় জমতে শুরু করে।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়, ইসরায়েল-হামাসের যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় মার্কিন নাগরিক এবং তাদের স্বজনদের জন্য হাইফা বন্দর থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে একটি প্রমোদতরীর ব্যবস্থা করা হয়েছে। এই প্রমোদতরীতে করে নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমে সাইপ্রাস এবং পরে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে পারবেন তারা।

গোলান মালভূমির কাৎজরিন শহরে থেরাপিস্ট হিসেবে কাজ করেন মার্কিন নাগরিক আরিয়েলা কেশেট। তিনি বলেন, ইসরায়েল ছেড়ে যাওয়া নিয়ে আমার মিশ্র অনুভূতি তৈরি হয়েছে। আমি মনে করি, যুদ্ধের মাঝে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। চার সন্তান ও স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইসরায়েল ছেড়েছেন তিনি।

প্রমোদতরীতে চেপে বসার আগে মার্কিন অপর এক নাগরিক বলেন, আমি ভীত নই। হিজবুল্লাহ এবার হাইফায় রকেট ছুড়বে বলে আমি মনে করি না। তবে সব ফ্লাইট বাতিল হওয়ার আগে ইসরায়েল ছেড়ে যাওয়ার এটা একটা সুযোগ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!