গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই রোববার (১৫ অক্টোবর) সকালে ইসরায়েলের একটি গ্রামে এ হামলা চালায় হিজবুল্লাহ।
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক ও রয়টার্সের এক ফটোসাংবাদিক নিহতের জেরে এমন পাল্টা হামলা চালিয়েছে তারা।
.png)
চিকিৎসকরা জানিয়েছেন, লেবাননের আয়তা-আ-শাব এলাকার কাছাকাছি ইসরায়েলের শটুলা কৃষি খামারে চালানো রকেট হামলায় ইসরায়েলি এক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডের চার কিলোমিটার এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্রমাগত রকেট হামলা, অনুপ্রবেশের চেষ্টা এবং উত্তেজনার পর সংরক্ষিত অঞ্চল ঘোষণা করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। সীমান্তের চার কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন, তাদের বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ কক্ষে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা