রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দেশটির উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ নামের একটি গির্জায় এই ঘটনা ঘটে। ছাদ ধসে পড়ার সময় গির্জাটিতে খ্রিষ্টধর্মে দীক্ষাদান উৎসব চলছিল।
মেক্সিকোর তামাউলিপাস প্রদেশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গির্জার ছাদ ধসে সাত ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
.png)
প্রাদেশিক সরকারের মুখপাত্র আরো বলেন, গির্জার ছাদ ধসের এই ঘটনায় বেশ কিছু লোক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনায় অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ছাদ ধস পড়ার সময় গির্জায় প্রায় ১০০ মানুষ ছিলেন। ছাদ ধসে সাতজন নিহত হয়েছেন। ২০ জন আটকা পড়েছেন। ৪৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, রেডক্রসের এক উদ্ধারকারী একটি টিভি চ্যানেলকে বলেছেন, মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে। কারণ, ছাদ ধসে পড়ার সময় গির্জায় অনেক মানুষ উপস্থিত ছিলেন।
তামাউলিপাসের গভর্নর অ্যামেরিকো ভিলারিয়াল এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, উদ্ধারপরিকল্পনা সমন্বয়ে নিরাপত্তা ও বেসামরিক সুরক্ষা বাহিনী কাজ করছে।
সূত্র: বিবিসি