ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কারাগার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কারাগার
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কারাগার

জানালাহীন ছোট্ট দুটি ঘর। একটির আয়তন ৬ ফুট বাই ৬ ফুট। অন্যটির ৬ ফুট বাই ৮ ফুট। তার সঙ্গে ৩ ফুট চওড়া একটি ছোট্ট করিডর। এটিই একটা কারাগার বা সংশোধনাগার। যেটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কারাগার বলা হচ্ছে।

কোথায় এই কারাগার?

বিশ্বের যে দ্বীপে এটি রয়েছে, সেটির আয়তনও একেবারে ক্ষুদ্র। মাত্র ২.১ বর্গমাইল। মেরেকেটে ৫০০ জনের বাস ওই দ্বীপে। দ্বীপের নাম সার্ক। ছোট্ট দ্বীপের সঙ্গে একেবারে মানানসই ছোট্ট কারাগার।

Advertisement

দক্ষিণ-পশ্চিম ইংলিশ চ্যানেলের কোলে রয়েছে বেশ কিছু দ্বীপ। সেগুলোকে একসঙ্গে বলে চ্যানেল আইল্যান্ড। তারই একটি সার্ক দ্বীপ। ছোট্ট এই দ্বীপের ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এই ছোট্ট দ্বীপে থাকা এই ছোট্ট কারাগারও এখনও ব্যবহৃত হয়।

কী রয়েছে এই কারাগারে?

এই কারাগারে সেলের মধ্যে রয়েছে একটি করে কাঠের তক্তার খাট। তার ওপর পাতলা তোষক। এটা হোল্ডিং সেল হিসেবে ব্যবহার করা হয়। এটি তৈরি হয়েছিল ১৮৫৬ সালে। ১৬ শতকে এই দ্বীপে প্রশাসনের যে ক্ষমতা দেয়া হয়েছিল, তার ভিত্তিতেই কোনো অপরাধের অভিযোগে অন্তত ২ দিন আটক রাখার জন্য এই কারাগার ব্যবহার করা হতো। যদি অপরাধ গুরুতর হতো এবং তার জন্য আরও বেশিদিনের জন্য শাস্তির দরকার হতো, তাহলে অপরাধীকে পাশের দ্বীপ আরও বড় কারাগারে নিয়ে যাওয়া হতো।

দু’জন করে পুলিশকর্মী রয়েছেন এই জেলটির দায়িত্বে। পদমর্যাদার দিক থেকে একজন কনস্টেবল এবং তার সহকারী পদমর্যাদার একজন। ছোটখাট অপরাধের অভিযোগেই এখানে আটকে রাখা হয়।

সার্ক দ্বীপের অন্যতম প্রধান ব্যবসা হচ্ছে পর্যটন। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এই দ্বীপটিতে ঘুরতে আসেন। এখন মূলত নেশাগ্রস্ত পর্যটকদের আটকে রাখার জন্য ব্যবহার হয় এই ছোট্ট জেল। রাতটা কাটিয়ে পরদিন সকালে একটু সুস্থ হতেই ছেড়ে দেয়া হয়। তবে এই কাজেই প্রায়শই ব্যস্ততা থাকে দায়িত্বপ্রাপ্তদের।

বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, সার্ক দ্বীপে দ্বীপে কোনো মোটরগাড়ি চলে না। বাইসাইকেল, ট্রাইসাইকেল বা ঘোড়া বা বলদে টানা গাড়ি ব্যবহার করা হয় ছোট্ট এই দ্বীপটিতে। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম আবহাওয়ার কারণে এখানে ভিড় জমান বিভিন্ন দেশের পর্যটকরা।

সূত্র: দ্য গার্ডিয়ান, এবিপি আনন্দ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: কারাগার
লিংক সফলভাবে কপি হয়েছে!