জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে হতাহতের আপডেট খবর জানিয়ে মুলাউদজি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
.png)
আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়েছে, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
মুলাউদজি আরো বলেন, ভবনটিতে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো অনুমোদন নেয়া হয়নি।
টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের আশপাশে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। আর ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল।
স্থানীয় সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছে, জোহানেসবার্গে গত কয়েক মাসে ‘কোনো পুরোনো ভবনে’ অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি।