ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লাইভ প্রোগ্রাম চলাকালে ভূমিকম্পে কেঁপে উঠলো স্টুডিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ২০ আগস্ট ২০২৩
লাইভ প্রোগ্রাম চলাকালে ভূমিকম্পে কেঁপে উঠলো স্টুডিও
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার একটি টেলিভিশনে লাইভ প্রোগ্রাম চলছিল। অতিথিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলেন উপস্থাপক। এমন সময় প্রচণ্ড কম্পনে সবকিছু দুলে উঠলো। তবে তখনও সবাই স্বাভাবিক ছিলেন। কিছু সময় যেতেই বুঝতে বাকি রইলো না যে আসলে কী ঘটেছে। সবাই বুঝতে পারলেন যে, শক্তিশালী কম্পনে সবকিছু কেঁপে উঠেছে।

সে সময় বাধ্য হয়েই অনুষ্ঠানের ইতি টানতে হয়েছিল। উপস্থাপক বিজ্ঞাপন বিরতির ঘোষণা দেন। সঙ্গে সঙ্গেই অতিথিরা সেখান থেকে ‍উঠে যান।

গত শুক্রবার (১৮ আগস্ট) এই ঘটনা ঘটেছে দেশটির রাজধানী বোগোটায়। সেদিন ৬ দশমিক ‍১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে কলম্বিয়ার জাতীয় ভূ-তাত্ত্বিক সার্ভিস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দারা ছুটোছুটি করে রাস্তায় নেমে আসেন। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে ওই ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূ-তাত্ত্বিক সার্ভিস জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। বোগোটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এল ক্যালভারিও শহরে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো কাঁপতে থাকে। বাজানো হয় সতর্ক সংকেত। এসময় সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।

মেয়র ক্লডিয়া লোপেজ সামাজিক মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে জানান, কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের সময় জানালা থেকে পড়ে মারা যান এক নারী। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ভূমিকম্পের পর আরো দুটি আফটারশক অনুভূত হয়েছে। এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!