জানা গেছে, সান দিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের যাওয়ার কথা ছিল সানফ্রান্সিসকোর সাক্রামেন্টোতে। কিন্তু নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে পাইলট বিমানে ঢুকতে গিয়ে দেখেন ককপিটে ঢোকার দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলতে না পারলে পাইলট ককপিটে ঢুকবেন কী করে!
অনেক ভেবে পাইলটই একটি উপায় বার করেন। স্থির করেন, উড়োজাহাজের বাইরে দিয়ে ভেতরে ঢুকবেন তিনি। এ জন্য ককপিট বেয়ে উঠে জানালা দিয়ে ঢুকতে হবে ভেতরে। যেমন ভাবা তেমন কাজ।
.png)
আরো পড়ুন>> বরফের নিচ থেকে ২৮ ঘণ্টা পর বৃদ্ধকে জীবিত উদ্ধার
উড়োজাহাজের পাইলটের স্পাইডারম্যান সুলভ কারসাজি নিজের ক্যামেরাবন্দি করেছেন ম্যাট রেক্সরোড নামে এক ব্যক্তি। তিনি নিয়মিত সান ডিয়াগো থেকে বিভিন্ন জায়গায় যাত্রা করেন। ফলে এই বিমানবন্দর তার হাতের তালুর মতো চেনা। সেই রেক্সই আচমকা দেখতে পান, একটি উড়োজাহাজের সামনের জানালা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছেন কেউ। পিছনে এক সহযোগী মই নিয়ে দাঁড়িয়ে। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও তিনি ঘটনার দিকে মোবাইল ক্যামেরা তাক করেন। ছবি উঠতে থাকে। সেই ছবিতেই দেখা যায়, এক পাইলট জানালা খুলে ঢুকছেন উড়োজাহাজের ভিতরে।
জানা গিয়েছে, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের উড়োজাহাজটি একদল যাত্রী নিয়ে নেমেছিল সান ডিয়াগোয়। তারপর লাইন দিয়ে যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে যান। একেবারে পিছনে যে যাত্রী ছিলেন, তিনি উড়োজাহাজ থেকে বেরনোর সময় ককপিটের সঙ্গে উড়োজাহাজের মধ্যাংশের সংযোগ রক্ষাকারী দরজাটি টেনে দিয়ে যান। ফলে দরজা বন্ধ হয়ে যায়। সেই দরজা খোলার একমাত্র ব্যবস্থা ভেতর দিক থেকে। ফলে যাত্রীর একটি সামান্য ভুলেই কেলেঙ্কারি!
এই ঘটনা নজরে আসার পরেই উড়োজাহাজ সংস্থা যাত্রীদের জানিয়ে দেয় গন্তব্যে পৌঁছতে বিলম্ব হতে পারে। যদিও ককপিট বেয়ে উঠে, জানালা দিয়ে উড়োজাহাজের ভেতরে ঢুকে তারপর ককপিটের দরজা খুলে দিয়েও উড়োজাহাজ ছাড়ে নির্ধারিত সময়ের মাত্র ৮ মিনিট পরে। ককপিট বেয়ে উঠছেন পাইলট, সেই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে বিশ্বজুড়ে।
সূত্র: সিএনএন, আনন্দবাজার