ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশ থেকে খুলে পড়ল যুদ্ধবিমানের ফুয়েল ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ২৩ মে ২০২৩
মাঝ আকাশ থেকে খুলে পড়ল যুদ্ধবিমানের ফুয়েল ট্যাংক
সংগৃহীত

ভারত প্রতিদিনই বিভিন্ন খবরের জন্য আলোচনার শীর্ষে থাকে। ভারতের বিভিন্ন বিমানে প্রায়ই ত্রুটি দেখা দিচ্ছে। এছাড়াও বাড়ছে বিমান দুর্ঘটনা।

এবার মাঝ আকাশ থেকে খুলে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের একটি ফুয়েল ট্যাংক। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে উড়ছিল বিমানটি। উড্ডয়নের সময় যুদ্ধবিমানটির ওই অতিরিক্ত ফুয়েল ট্যাংকটি খুলে নিচে পড়ে যায়।

সোমবার (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

Advertisement

এতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের আকাশে উড্ডয়নের সময় সোমবার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের ১৫ ফুট লম্বা স্টিল ফুয়েল ট্যাংক বিমান থেকে খুলে যায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীনস্ত জঙ্গলে পড়ে। এই জঙ্গল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কালাইকুন্ডাতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে।

আরো পড়ুন>> পাকিস্তানে সন্ত্রাসী হামলা, পুলিশসহ নিহত ৬

গোয়ালতোড় থানা এলাকার ধামোচা বনের কাছে বসবাসকারী গ্রামবাসীরা সোমবার দুপুরের দিকে আকাশ থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পেয়ে পুলিশকে ফোন করেন। পরে পুলিশই ভারতীয় বিমান বাহিনীকে এই ঘটনা সম্পর্কে জানিয়ে দেয়।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেছেন, গ্রামবাসীরা প্রথম আকাশে উড্ডয়নরত বিমানগুলো দেখতে পায় এবং তারপর বিকট শব্দ শুনতে পেয়ে ধাতব জ্বালানি ট্যাংকটির সন্ধান পায়। লম্বায় ১৫ ফুট এই ট্যাংকটির ব্যাস প্রায় চার ফুট।

প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কলাইকুন্ডা ঘাঁটি থেকে বিমান বাহিনীর কর্মকর্তারা না আসা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ট্যাংকটিকে পাহারা দিয়ে সুরক্ষিত রাখে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় প্রতিরক্ষা মুখপাত্র এই ঘটনা নিশ্চিত করেছেন যে, অতিরিক্ত জ্বালানি বহনকারী ট্যাংকটি সত্যিই প্রশিক্ষণ মিশনের সময় মিগ-২৯ ফাইটার জেট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং এর পেছনে কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!