এবার ক্যামেরুনে অপহরণের শিকার হয়েছেন অন্তত ৩০ নারী। বিচ্ছিন্নতাবাদীরা তাদেরকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে ক্যামেরুনের প্রশাসন। তারা এই অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে বলে জানিয়েছে।
এই ঘটনাটি ঘটেছে ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমান্ত অঞ্চলে। ঘটনা সূত্রে জানা গেছে বিচ্ছিন্নতাবাদীদের ফরমান পালন করেননি ওই নারীরা। তাই তাদের শাস্তি দিতে অপহরণ করা হয়েছে।
.png)
আরো পড়ুন>> ভারতে তীব্র তাপপ্রবাহ, অসুস্থ হয়ে হাসপাতালে ১১০০
এদিকে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী স্বীকারও করে নিয়েছে যে, কয়েকজন নারীকে তারা অপহরণ করেছে। বন্দুক এবং লাঠিজাতীয় জিনিস দিয়ে ওই নারীদের আঘাতও করা হয়েছে।
ক্যামেরুন-নাইজেরিয়া সীমান্তে ইংরেজি বলা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী। বাকি ক্যামেরুন থেকে তারা নিজেদের আলাদা করতে চায়। কারণ বাকি ক্যামেরুন দীর্ঘদিন ফরাসি উপনিবেশ থাকার কারণে ফরাসি ভাষায় কথা বলে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সীমান্ত অঞ্চলে কয়েকটি কর বসিয়েছে। কেউ বিয়ে করলে, বাচ্চা হলে তাদের কর দিতে হয়। শুধু তা-ই নয়, কেউ মারা গেলে কবর দেওয়ার জন্যও তাদের এক হাজার ডলার কর দিতে হয়। ওই নারীরা কর দিতে অস্বীকার করেছিলেন বলেই তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সূত্র: ডয়েচে ভেলে