ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হেলে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ১৮ মে ২০২৩
হেলে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ
তুঙ্গানাথ শিব মন্দির

অনেক আগে ভারতের উত্তরাখণ্ডে ডেবে গিয়েছিল হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান জোশিমঠ। পুরো শহর ডেবে যাওয়ার ঘটনা ঘটে তখন। এবার হেলে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ।

১২ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত তুঙ্গনাথ মন্দিরটিই বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। এই মন্দিরের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। তাদের মতে, তাৎক্ষণিকভাবে এই মন্দিরটি যদি সংস্কার করা না হয় তাহলে ভবিষ্যতে এর কোনো অস্তিত্ব থাকবে না।

এএসআইয়ের গবেষণায় ধরা পড়েছে, গাড়ওয়াল হিমালয়ের কোলে অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরটি পাঁচ থেকে ছয় ডিগ্রি কাত হয়ে গেছে। শুধু তাই নয়, মন্দির কমপ্লেক্সে অবস্থিত ছোট ছোট ভবনগুলো প্রায় ১০ ডিগ্রি হেলে গেছে। 

Advertisement

আরো পড়ুন>> বিয়ের অনুষ্ঠানে বিষপানে মৃত্যু বরের, গুরুতর অবস্থায় কনে

এএসআইয়ের প্রত্নতত্ত্ববিদ মনোজ কুমার বলেছেন, প্রথমে, আমরা ক্ষতির মূল কারণ খুঁজে বের করব। দেখব যদি এটি অবিলম্বে মেরামত করা যায়। তাছাড়া, মন্দিরের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করার পরে একটি বিস্তারিত অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে।

এএসআই কর্মকর্তারা জানিয়েছেন, এরইমধ্যে সরকারকে মন্দিরটির বেহাল অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে। সুপারিশ করা হয়েছে, মন্দিরটিকে প্রটেক্টেড মনুমেন্ট বা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। 

এএসআইয়ের এক কর্মকর্তা বলেছেন, সরকার এটিকে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে। এই বিষয়ে জনগণের কারো কোনো আপত্তি আছে কিনা, জানতে চেয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সরকার।

এএসআই কর্মকর্তারা আরো জানিয়েছেন, প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ক্ষতিগ্রস্ত ভিত্তিপ্রস্তরটি প্রতিস্থাপন করা হবে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!