বুধবার (১৭ মে) গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন। এটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়েছে, ব্যক্তিগত ডিভাইসে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হতে চলেছে মন্টানা। বুধবার সেখানকার গভর্নর এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন এবং এটি আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
.png)
চীনা অ্যাপ হওয়ায় দেশটির সরকারের কাছে এর ডেটা পাঠানো হতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বজুড়ে বহু দেশে তদন্তের আওতায় এসেছে টিকটক। তবে ভিডিও-শেয়ারিং এই প্ল্যাটফর্মটি বলছে, এই নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করবে’।
আরো পড়ুন>> তথ্য পাচারের অভিযোগে ২ ভারতীয় গ্রেফতার
মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানার জনগণকে রক্ষা করার জন্য বিস্তৃত পরিসরের আরো নিষেধাজ্ঞা তার অগ্রাধিকার হিসেবে থাকবে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের জনসংখ্যা মাত্র ১০ লাখের কিছু বেশি। এর আগে গত বছরের ডিসেম্বরে রিপাবলিকান পরিচালিত এই অঙ্গরাজ্যটি সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছিল।
তবে এবার ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে এবং এই আইনকে চীনা মালিকানাধীন এই অ্যাপাটি আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে।
টিকটকের মূল মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। গত কয়েক বছরে এটি গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয় এক ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চীনা এই অ্যাপটি ৩৫০ কোটি বার ডাউনলোড হয়েছে।
কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে।
সূত্র: বিবিসি