ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খলিস্তানি নেতা অমৃতপাল সিংহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ২৩ এপ্রিল ২০২৩
খলিস্তানি নেতা অমৃতপাল সিংহ গ্রেফতার
অমৃতপাল সিংহ- ফাইল ফটো

ভারতের খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে গ্রেফতার করেছে মোগা পুলিশ। রোববার ভোরে পাঞ্জাবের মোগা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। খবর আনন্দবাজারের

কয়েকটি সূত্রের দাবি, অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৩৬ দিন ধরে ফেরার ছিলেন তিনি। তাকে তন্ন তন্ন করে খুঁজছিল ভারতের পাঞ্জাব রাজ্য পুলিশ।

‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপালের খোঁজে পঞ্জাবের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশো জনকে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। অমৃতপাল অধরাই ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, অমৃতপালকে আসামের ডিব্রুগড়ের জেলে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানে তার অন্য সহকারীদেরও রাখা হয়েছে। অমৃতপালের দলের আরো আট সদস্যকে আসামের কারাগারে রাখা হয়েছে।

জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের মিলিত প্রচেষ্টায় এই গ্রেফতারি সম্ভব হয়েছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে।

১৮ মার্চ থেকে পঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর এবং অমৃতসরের একাধিক গ্রামে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন অমৃতপাল। কিছুতেই তাকে ধরতে পারছিল না পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সেই নেতা। সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!