ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গর্ভাবস্থায় কোভিড-১৯ এ আক্রান্ত মা, মস্তিষ্কের গুরুতর ক্ষতি ২ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ১০ এপ্রিল ২০২৩
গর্ভাবস্থায় কোভিড-১৯ এ আক্রান্ত মা, মস্তিষ্কের গুরুতর ক্ষতি ২ শিশুর
ছবি: প্রতীকী

করোনাভাইরাসে আক্রান্ত অনেকের শরীরেই কোভিড-১৯ এর দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে আরো উদ্বেগজনক তথ্য উঠে এল এক গবেষণায়।

গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) গবেষণার রিপোর্টটি পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় কোভিড-১৯ আক্রান্ত মায়েদের গর্ভের সন্তানদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে কোভিড। কারণ কোভিড-১৯-এর ভাইরাস, প্লাসেন্টা ভেঙ্গে ভ্রূণকে সংক্রামিত করতে পারে। অন্তত দুই শিশুর ক্ষেত্রে এই তথ্য প্রমাণিত হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> তাইওয়ান প্রশ্নে তৃতীয় বিকল্পের খোঁজে ম্যাক্রোঁ

২০২০ সালে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় ওই দুই শিশুর মা গর্ভবতী ছিলেন। সেই অবস্থাতেই করোনভাইরাসের অন্যতম মারাত্মক ভ্যারিয়েন্ট, ডেল্টায় আক্রান্ত হয়েছিলেন তারা। গর্ভাবস্থায় তাদের খিঁচুনিও হয়েছিল। ওই দুই শিশুর একজনের ১৩ মাস বয়সে মৃত্যু হয়েছে। অপরজনকে হসপিস কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

এই গবেষণায় আরো জানা গিয়েছে যে, জন্মের সময় ওই দুই শিশুর কেউই কোভিড-১৯ আক্রান্ত ছিল না। তাদের কোভিড পরীক্ষায় ইতিবাচক ফল আসেনি, তবে তাদের রক্তে করোনভাইরাস প্রতিরোধে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি হয়েছিল।

গবেষকরা জানিয়েছেন, এর অর্থ হল, ভাইরাসটি সম্ভবত মায়ের শরীর থেকে প্ল্যাসেন্টা ভেঙে ভ্রূণের দেহে স্থানান্তরিত হয়েছিল।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্র থেকেই ফাঁস হয়েছে যুদ্ধের গোপন গোয়েন্দা তথ্য!

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের নিওনাটোলজিস্ট ডা. মেরলিন বেনি জানিয়েছেন, দুই মায়ের প্ল্যাসেন্টাতেই ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়েছে। মৃত শিশুটির মস্তিষ্কের ময়নাতদন্তের পরও করোনাভাইরাস পাওয়া গিয়েছে।

ডা. বেনির মতে, এর থেকে বোঝা যায় যে, ভাইরাস সংক্রমণের কারণেই তার মস্তিষ্কের ক্ষতি হয়েছে।

গবেষকরা আরো জানিয়েছেন, দুই মা-ই কোভিড পজিটিভ ছিলেন। তবে একজনের শরীরের কোভিডের হালকা লক্ষণ ছিল। তার গর্ভে পূর্ণ সময়ের জন্যই ছিল শিশু। তবে অপর নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। যার জেরে স্বাভাবিক প্রসবের সময়ের আট সপ্তাহ আগেই তিনি শিশুর জন্ম দিতে বাধ্য হয়েছিলেন।

আরো পড়ুন>> ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে যে সুখবর জানালেন গবেষকরা

তবে কোভিড আক্রান্তদের গর্ভস্ত শিশুদের মস্তিষ্কের ক্ষতি শুধুমাত্র কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই হচ্ছে, নাকি ওমিক্রন ও অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে, তা এই গবেষণায় স্পষ্ট হয়নি।

এই পরিস্থিতিতে প্রসূতি বিশেষজ্ঞ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, যেসব নারীরা তাদের গর্ভাবস্থায় কোভিড আক্রান্ত হয়েছিলেন, তাদের সন্তানদের শিশুরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!