ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্যাটুর কারণে ধরা খেলেন ১৫ বছর ধরে পালিয়ে থাকা আসামি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ২৫ মার্চ ২০২৩
ট্যাটুর কারণে ধরা খেলেন ১৫ বছর ধরে পালিয়ে থাকা আসামি!
ট্যাটু - ফাইল ছবি

বাড়ি ভাঙচুর ও চুরির মামলায় ১৫ বছর ধরে এক আসামি পলাতক। পুলিশের কাছে আসামির প্রমাণ বলতে ছিল শুধু তার হাতে থাকা ট্যাটু ও কাগজে দেওয়া স্বাক্ষর। ১৫ বছর পর ট্যাটু দেখেই ৬৩ বছর বয়সী ওই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভারতের মুম্বাই শহরে ঘটেছে এ ঘটনা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামির নাম আরমুগাম পল্লস্বামী দেবেন্দ্র মুদালিয়ার। মামলার ঘটনার সময় তিনি মধ্য মুম্বাইয়ের অ্যান্টপ হিলে থাকতেন। আর এবার দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুয়া পরিচয়ে তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।

Advertisement

মুদালিয়ারের বিরুদ্ধে মুম্বাই ও গুজরাটে পাঁচটির বেশি মামলা আছে। তবে ২০০৮ সালে রফি আহমেদ কিদওয়াই (আরএকে) মার্গ থানায় নথিভুক্ত একটি বাড়ি ভাঙচুর ও চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

আরো পড়ুন>> নাইজেরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসে আগুন, নিহত ২২

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মুদালিয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ কারণে স্থানীয় একটি আদালত তাকে পলাতক ঘোষণা করেন। আরএকে মার্গ পুলিশ মুদালিয়ারকে গ্রেফতারে আবারও অভিযান পরিচালনা করে। তার খোঁজে মুম্বাইয়ের কল্যাণ, ভানদুপ ও মাহিম এলাকায় অভিযান চালানো হয়। এসব এলাকায় মুদালিয়ার আগে থাকতেন। এসব এলাকা থেকে তথ্য পাওয়া যায়, মুদালিয়ার বেঁচে নেই। কিন্তু পরে পুলিশের কাছে তথ্য আসে, তিনি তামিলনাড়ুতে পালিয়ে গেছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই মামলা নিয়ে কাজ করা দলটি পুলিশের রেকর্ড করা নথি থেকে জানতে পারে, মুদালিয়ারের হাতে একটি ট্যাটু আঁকা আছে। এ ছাড়া স্বাক্ষরও সংগ্রহ করে দলটি। আরও নানা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শহরের ফোর্ট এলাকায় বলে নিশ্চিত হয় পুলিশ।

গতকাল তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ট্যাটু ও স্বাক্ষর যাচাই করে ১৫ বছরের পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!