ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তৃতীয় সন্তানের বাবা-মা হলেন জাকারবার্গ ও প্রিসিলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ২৫ মার্চ ২০২৩
তৃতীয় সন্তানের বাবা-মা হলেন জাকারবার্গ ও প্রিসিলা
মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে তাদের তৃতীয় সন্তান অরেলিয়া - ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে তাদের তৃতীয় সন্তান অরেলিয়া চ্যান জাকারবার্গের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, জাকারবার্গ নবজাতক সন্তানের দিকে তাকিয়ে হাসছেন। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেন।

আরো পড়ুন>> বাবার জায়গায় জেল খাটতে আবেদন করলো মেয়ে

ইনস্টাগ্রাম পোস্টটিতে তিন লাখের বেশি লাইক পড়েছে। ইন্টারনেট দুনিয়ার অনেকে এ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাদের সাত ও পাঁচ বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয় আগস্ট।

গত বছরের সেপ্টেম্বরে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গ তার স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।’

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তারা। ২০১২ সালে বিয়ে করেন।

আরো পড়ুন>> ঘরে বসে টাকা আয়ের বিজ্ঞাপন, আবেদন করতেই হাওয়া ৯ লাখ!

জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন।

চলতি বছর খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষেও ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন জাকারবার্গ। সেখানে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, কালো রঙের স্যুট পরিহিত জাকারবার্গ স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে আছেন। তাদের দু’জনের মুখে হাসি।

ক্যাপশনে জাকারবার্গ লিখেছিলেন, ‘শুভ নববর্ষ! ২০২৩ সাল রোমাঞ্চ ও ভালোবাসায় পূর্ণ হতে যাচ্ছে।’

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!