যুক্তরাষ্ট্রে এশীয় নারীকে ১০০ বার ঘুষি মারায় ১৭ বছরের জেল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়ার এক নারীকে ১০০ বার বেশি ঘুষি মারার দায়ে এক ব্যক্তিকে ১৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়েস্টচেস্টার কাউন্টির জেলা অ্যাটর্নি মিরিয়াম রোকাহ বলেন, ওয়েস্টচেস্টার কাউন্টিতে দেখা সবচেয়ে সহিংস ও মর্মান্তিক অপরাধগুলোর একটি অধ্যায় শেষ হয়েছে।
তিনি আরো বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম ডিগ্রি অপরাধের জন্য আদালতের কাছে দোষ স্বীকার করেন ৪২ বছর বয়সী তামেল এসকো। সব প্রক্রিয়া শেষে আদালত তাকে সাড়ে ১৭ বছর কারাদণ্ড দেন। তাছাড়া মুক্তির পর তাকে পাঁচ বছর নজরদারিতে রাখা হবে।
স্থানীয় পুলিশ ১১ মার্চের ঐ হামলার ঘটনার একটি গ্রাফিক ভিডিও শেয়ার করেছে। ৬৭ বছর বসয়ী ঐ নারীকে ঘুষি শুরু করার আগে এশিয়ান বলে অকথ্য ভাষায় গালি দেন হামলাকারী।
ভিডিওতে দেখা যাচ্ছে, ঐ নারী তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভেস্টিবুলে হেঁটে যাচ্ছে এবং দরজায় চাবি রাখছেন। ঠিক সে মুহূর্তে এসকো তার পেছনে আসতে থাকে এবং মারতে শুরু করে। এক পর্যায়ে এশীয়ান ঐ নারী মেঝেতে পড়ে যান। এরপর এসকো তাকে ১০০ বারের বেশি ঘুষি মারে।
প্রসিকিউটররা জানান, এতে ঐ নারীর মস্তিষ্কে রক্তক্ষরণ ও মুখের একাধিক স্থান ভেঙে গেছে।