ভুয়া ব্লু টিক চিহ্নে সয়লাব টুইটার
প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক চিহ্ন সেবা চালু করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ সেবা চালুর পর ভুয়া অ্যাকাউন্ট খুলে নামের পাশে ব্লু চিহ্ন যুক্ত করার হিড়িক টুইটারে পড়েছে। এখন যুক্তরাষ্ট্রে অর্থ দিয়ে ব্লু টিক চিহ্ন কিনে ভুয়া তথ্য ছড়াচ্ছে একটি মহল।
ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটার কেনার আগে পরিচিত ব্যক্তিদের নামে পাশে বিনামূল্যে ব্লু টিক চিহ্ন দিত টুইটার। এ চিহ্ন সংবলিত অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যগুলো বিশ্বাস করতেন মানুষ।
এখন মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করছে কিছু ভুয়া অ্যাকাউন্টধারী। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্টকে আসল অ্যাকাউন্ট হিসেবে ভুল করছেন অনেকে।
যুক্তরাষ্ট্র ও লস অ্যাঞ্জেলস লেকার্সের অলিম্পিকজয়ী বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ল্যাবরন জেমসের আসল অ্যাকাউন্টের বদলে তার নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট বেশি প্রচার পাচ্ছে। ল্যাবরন জেমসের নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে অর্থ বিষয়ক পোস্ট করা হয়।
জাপানি বহুজাতিক কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি নিনটেন্ডো আমেরিকার নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর সেটিতে ব্লু টিক চিহ্ন যুক্ত করে অশালীন ছবি পোস্ট করা হচ্ছে। তবে অ্যাকাউন্টটি আসল নাকি নকল সেটি বোঝার একটি উপায় আছে। ব্লু টিক চিহ্ন সংবলিত অ্যাকাউন্টে থাকা চিহ্নটিতে স্পর্শ করলে লেখা ভেসে ওঠবে এটি অর্থের বিনিময়ে ভ্যারিফায়েড করা হয়েছে নাকি টুইটার কর্তৃক ভ্যারিভায়েড আছে।