ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

টুইটার কেনার পর কত কমলো ইলন মাস্কের সম্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ৯ নভেম্বর ২০২২
টুইটার কেনার পর কত কমলো ইলন মাস্কের সম্পত্তি
ইলন মাস্ক- ফাইল ফটো

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ওপর থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেয়ায় ২০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ।- খবর রয়টার্সের।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফোবর্সের তথ্যানুযায়ী, বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৪.৮ বিলিয়ন ডলারে। যার বেশিরভাগই টেসলাতে রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সম্পত্তির পরিমাণ হলো ৬২২ বিলিয়ন ডলার। আর টেসলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হলেন মাস্ক।

সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলার ব্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনেন মার্কিন ধনকুবের ইলন। এরপর টুইটার নিয়েই মাতামাতি করায় টেসলার শেয়ার কিনতে বা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা।

গত এপ্রিলে মাস্ক যখন প্রথম টুইটার কেনার ঘোষণা দেন তখন বাজারমূল্য অর্ধেক কমে যায় টেসলার। অন্যদিকে, টেসলায় মাস্কের মোট সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭০ বিলিয়ন ডলারে।

ইলন মাস্ক টেসলার শেয়ারের বড় একটি অংশ বিক্রি করে দেওয়ার পর বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। টুইটারের মালিকানা কেনার আগে অন্তত ১৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেন তিনি। টুইটার কিনে নিতে আরো ১৩ বিলিয়ন ডলার ঋণ নেন মাস্ক।

সংবাদসংস্থা রয়টার্স বুধবার তাদের আরেকটি প্রতিবেদনে জানায়, টুইটার কেনার প্রক্রিয়া শেষ হওয়ার পর আরো ৩.৯৫ বিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করে দেন ইলন মাস্ক।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শঙ্কা প্রকাশ করে জানায়, টেসলা সঙ্গে  ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর প্রতিযোগিতা বাড়ছে। এ সময়ে মাস্ক নিজেকে অন্যান্য বিষয়ে মনোযোগী করেছেন।

টুইটারে মাস্কের অত্যাধিক সময় ব্যয় করার ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল ম্যানেজমেন্টের জে হ্যাটফিল্ড বলেন, দেখে যা মনে হচ্ছে ইলন মাস্ক তার সময়ের শতভাগ টুইটারের ওপর দিচ্ছেন।

জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারের মালিকানা কেনার পর টেসলা নিয়ে খুব কমই টুইট করেছেন মাস্ক। এর বদলে টুইটে মাসে আট ডলারের বিনিময়ে ব্লু টিক চিহ্ন সেবা দেওয়ার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!