পশ্চিমাদের কাছে এবার কম্বল-জেনারেটর চাইলেন কিয়েভের মেয়র
চলতি মাসে ইউক্রেনের একাধিক পাওয়ার প্ল্যান্টে হামলা চালিয়েছে রাশিয়া। আর তার জেরে নিয়মিতভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এবারের শীতে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কায় কিয়েভের মেয়র। মানুষজন ঠান্ডায় জমে মারা যাবে বলে আশঙ্কা করছেন তিনি।
রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো স্বীকার করেন, আসন্ন শীতে ইউক্রেনকে মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, “আমাদের জনগণ ও তাদের জীবন রক্ষার জন্য যা কিছু করা সম্ভব তা আমরা তার সবই করার চেষ্টা করছি।”
ভিতালি ক্লিচকো জানান, তার টিম এ পর্যন্ত এক হাজার মতো জেনারেটর কিনতে সক্ষম হয়েছে যা কিয়েভের বিভিন্ন পয়েন্টে তাপ উৎপাদনের ব্যবস্থা করবে। তিনি এই অবস্থাকে ভয়াবহতম খারাপ অবস্থা বলে বর্ণনা করেন।
আরো পড়ুন>> বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের তালিকা প্রকাশ
ক্লিচকো বলেন, এই মুহূর্তে ইউক্রেনের শুধু অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই দরকার না, বরং কম্বল, শীতের কাপড়-চোপড় ও জেনারেটর দরকার। এই ধরনের সমর্থনই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন থেকে যে সমস্ত মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদেরকে দেশে না ফেরার আহ্বান জানান কিয়েভের মেয়র।