ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৯, ৬ অক্টোবর ২০২২
মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা
কনরাডো মেন্ডোজা আলমেদা - ফাইল ছবি

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ অক্টোবর) শহরটির সিটি হলে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও কাউন্সিল কর্মীরা। পুরো ঘটনাটিকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি।

ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। এতে ভবনের দেয়ালে গুলির চিহ্ন দেখা যায়। হত্যাকাণ্ডের ঘটনার কঠিনতম বিচার দাবি করেছে পিআরডি।

এ হামলার ঘটনায় লস টেকুইলোরোস অপরাধী চক্রকে দায়ী করা হচ্ছে। স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, মেয়র মেন্ডোজা আলমেদারকে গুলি করার আগে তার বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করা হয়।

আরো পড়ুন>> ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু

নৃশংস ঘটনার পর বন্দুকধারীদের গ্রেফতারে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহরের মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।

গত কয়েক বছর ধরে মেক্সিকোয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সাংবাদিক, পুলিশ, মানবাধিকারকর্মীসহ বহু মানুষকে হত্যার সঙ্গে জড়িত স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!