[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফের তেল চুরির অভিযোগ
ছবি: সংগৃহীত
সিরিয়া থেকে চুরিকৃত ৮৯টি তেলের ট্যাংক অবৈধভাবে সীমান্ত পার করে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে বলে দাবি করছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
রোববার সংবাদমাধ্যমটি একটি প্রতিবেদনে জানায়, এর আগে গত ১১ আগস্ট একইভাবে মার্কিন বাহিনী ১৪৪ ট্যাংক তেল চুরি করে ইরাকে পাঠিয়েছে।
সবশেষ তেলের চালানটি আল-মাহমুদিহ ক্রসিং দিয়ে ইরাকে পৌঁছায়। চুরিকৃত সিরিয়ার তেল ইরাকে পাঠানোর জন্য এ রাস্তাটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।
সানার প্রতিবেদনে আরো বলা হয়েছে, চুরির এসব ঘটনা আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। অন্য জাতির প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে সেই দেশের জনগণকে যুক্তরাষ্ট্র অনাহারে রাখছে। যদিও তেল চুরির এমন অভিযোগের জবাবে এখনো কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা মার্কিন সেনাবাহিনী।
দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ায় তেল, গ্যাস এবং গমের মতো প্রাকৃতিক সম্পদ চুরির অভিযোগ করে আসছে সিরিয়ার সরকার। এর আগে, একইভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বালানি চুরির অভিযোগ তুলে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!