ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাঁচ মাসে ৩৯৭০০ রুশ সেনা হত্যার দাবি

চলমান যুদ্ধের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করল কিয়েভ-মস্কো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩, ২৬ জুলাই ২০২২
পাঁচ মাসে ৩৯৭০০ রুশ সেনা হত্যার দাবি
ছবি: সংগৃহীত

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সেদেশের সংবাদমাধ্যমগুলো চলমান যুদ্ধে রুশ সেনাদের এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেছে। কিয়েভ দাবি করেছে, গত পাঁচ মাসের যুদ্ধে ৩৯ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে। পর্যবেক্ষকরা ইউক্রেনের সেনাবাহিনীর দেয়া এ পরিসংখ্যানকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত ডনবাস অঞ্চলকে ইউক্রেনের সেনাবাহিনীর হামলা থেকে বাঁচানোর লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার এ পদক্ষেপের প্রতিবাদে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং কিয়েভের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করা সত্ত্বেও চলমান যুদ্ধে রুশ সেনাবাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন: ইউক্রেনে জেলেনস্কিকে সরাতে চায় রাশিয়া

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো যে দাবি করেছে তা প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম মেহর। এতে বলা হয়েছে, এ যুদ্ধে রুশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত রুশ সেনাবাহিনীর এক হাজার ৭৩০টি ট্যাংক, তিন হাজার ৯৫০টি সাঁজোয়া যান, দুই হাজার ৮৩২টি জ্বালানী ট্যাংকার, ৮৭৬টি কামান, ২৫৬টি রকেট লাঞ্চার, ১১৬টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, ১৮৮টি হেলিকপ্টার, ৭১৯টি ড্রোন এবং ১৫টি গানবোট ধ্বংস হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী আরো দাবি করেছে, গত পাঁচ মাসে দেশটিতে ৩৯ হাজার ৭০০ রুশ সেনা নিহত এবং ২২২টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

এর বিপরীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে মস্কোর পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের ২৬০টি যুদ্ধবিমান, ১৪৪টি হেলিকপ্টার, এক হাজার ৬০৫টি ড্রোন, ৩৫৭টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চার হাজার ১৫৬টি ট্যাংক ও সাঁজোয়া যান, তিন হাজার ১৯৬টি কামান এবং চার হাজার ৩৫৭টি সামরিক যান ধ্বংস হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!