ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ১২ নারী শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১০, ২৯ এপ্রিল ২০২২
ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ১২ নারী শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১২ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের পর উত্তর সুমাত্রার মান্দাইলিং নাতাল জেলার পাহাড়ি এলাকায় দুই মিটার গভীর খনিটিতে স্বর্ণ খোঁজার কাজ করছিলেন তারা। পাহাড়ধসের ঘটনার পর আহত দুই নারী প্রাণে বেঁচে যান এবং তারা গ্রামে ফিরে এ ঘটনার বিষয় কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

খনিজসম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় অনুমতিহীন খনিগুলোতে এ ধরনের দুর্ঘটনা খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় লোকজনের কাছে আকর্ষণীয় পরিত্যক্ত বিভিন্ন সাইটে তারা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না নিয়েই অবশিষ্ট মূল্যবান ধাতু স্বর্ণ সংগ্রহে গেলে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় পুলিশপ্রধান মারলন রাজাগুকগুক বলেন, ‘খনির চারপাশের পাহাড় ধসে পড়ে। এতে চাপা পড়ে ১২ নারীর মৃত্যু হয়।’ রাজাগুকগুক আরও বলেন, ‘এখন সব মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

আরো পড়ুন>> বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৩০০ কিমি (১৮৬ মাইল) দক্ষিণে মান্দাইলিং নাটালে এমনই বেশ কিছু অবৈধ সোনার খনি রয়েছে। ভূমিধসের কারণে, বিশেষ করে বর্ষা ও গ্রীষ্মের মাসগুলোতে দ্বীপপুঞ্জজুড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত বছর সুলাওয়েসি দ্বীপের প্যারিগি মাউতং-এ একটি অবৈধ সোনার খনি ধসে ছয় খনিশ্রমিক মারা যান। এর আগে ২০২০ সালে সুমাত্রায় ১১ খনিশ্রমিক ভারি বৃষ্টির কারণে ভূমিধসে নিহত হয়েছিলেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!