বিয়ের আগে চুল প্রতিস্থাপন করার পরই যুবকের মৃত্যু
মাথার চুল কমে যাওয়া নিয়ে অনেকেই হীনমন্যতায় ভোগেন। বিশেষ করে বিয়ের প্রসঙ্গ যখন আসে, তখন চুলের ওপর নজর বেশিই পড়ে! তাই অনেকেই মরিয়া হয়ে চুল প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। এবার সে রকমই একটি সিদ্ধান্ত এক যুবকের প্রাণ কেড়ে নিলো।
বিয়ে ঠিক হয়েছিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পটনার শেখপুরার যুবক মনোরঞ্জন পাসওয়ানের। ১১ মে মনোরঞ্জনের বিয়ের দিন স্থির হয়। তার মাথায় কম চুল থাকায় বিষয়টি নিয়ে একটু বিব্রতই ছিলেন পুলিশ সদস্য মনোরঞ্জন।
বিয়ে স্থির হওয়ায় বিষয়টি নিয়ে গভীর ভাবে ভাবনাচিন্তাও শুরু করেন। সিদ্ধান্ত নেন চুল প্রতিস্থাপনের। চুল প্রতিস্থাপনের খোঁজখবর শুরু করতেই পাটলিপুত্রে একটি ক্লিনিকের খোঁজ পান।
চুল প্রতিস্থাপনের জন্য গত ৯ মার্চ মনোরঞ্জন ওই ক্লিনিকে যান। সেখানে চুল প্রতিস্থাপন করানোর পর বাড়ি ফিরে আসেন। মনোরঞ্জনের ভাই গৌতম জানান, বাড়ি ফেরার পরই মনোরঞ্জনের মাথায় যন্ত্রণা শুরু হয়। বুকে জ্বালা অনুভব করেন। পর দিন আবার ওই ক্লিনিকে যান মনোরঞ্জন। সেখানে তার চিকিৎসা করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই ক্লিনিকের কর্মীরাই মনোরঞ্জনকে অন্য একটি হাসপাতালে ভর্তি করান। শুক্রবার সকালে মনোরঞ্জনের মৃত্যু হয়।
গৌতমের অভিযোগ, মনোরঞ্জনের মৃত্যুর খবর জানার পরই তার চুল প্রতিস্থাপনের সব নথি নিয়ে ওই ক্লিনিকের মালিক এবং কর্মীরা বেপাত্তা হয়ে গেছেন। ওই ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। এ ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।