ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘মৃত সোলাইমানি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বেশি ভয়ংকর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ৬ জানুয়ারি ২০২০
‘মৃত সোলাইমানি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বেশি ভয়ংকর’
আলী শামখানি

জীবিত সোলাইমানির চেয়ে মৃত সোলাইমানি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়ংকর বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

রোববার নিজ দফতরে সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী মামলুকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা উল্লেখ করেন। এছাড়া সোলাইমানি হত্যার প্রতিশোধ সামরিক ও ভিন্ন পন্থায় নেয়ার হুঁশিয়ারিও দেন আলী শামখানি।-খবর পার্সটুডে’র।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়, জেনারেল সোলাইমানি নিহতের ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ থেকে শোক জানাতে ইরান সফরে আসেন আলী মামলুক। পরে আলী শামখানির সঙ্গে তিনি বৈঠক করেন। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্রাজ্যবাদী উল্লেখ করে শামখানি বলেন, অচিরেই মার্কিনিরা উপলব্ধি করবে যে, জেনারেল সোলাইমানি জীবিত অবস্থার চেয়ে মৃত অবস্থায় তাদের জন্য বেশি ভয়ঙ্কর।

ইরানের চলমান অবস্থান সম্পর্কে আলী শামখানি বলেন, ইরান সোলাইমানি হত্যার জবাব সামরিক পন্থায় দেবে। তবে শুধু সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকা হবে না। 
ইরাকের পার্লামেন্টে মার্কিন সেনা প্রত্যাহারের বিল পাস সম্পর্কে তিনি বলেন, বিলটি আইনে পরিণত হওয়ার পর ইরাকে মার্কিন সৈন্য থাকতে পারবে না। যদি সৈন্যরা অবস্থান করে, তবে দখলদার হিসেবে চিহ্নিত হবে। কারণ, ইরাক সরকারের অনুমোদন নিয়ে মার্কিন সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছিল।

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে রকেট হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানি। ৩ জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে। ওই হামলায় ইরাকের হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ ১০ জন নিহত হন। এরপর থেকেই সোলাইমানি হত্যার কঠোর প্রতিশোধ নিতে হুঁশিয়ারি দিচ্ছে ইরান।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের লোক বা কোনো স্থাপনায় হামলা চালালে ইরানের ৫২ স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!