ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

৫০০ টাকায় এক মাসের আনলিমিটেড মোবাইল ডাটা প্যাকেজের পরামর্শ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৫, ৩০ অক্টোবর ২০২৪
৫০০ টাকায় এক মাসের আনলিমিটেড মোবাইল ডাটা প্যাকেজের পরামর্শ
বাংলাদেশের মোবাইল অপারেটর। অলংকরণ: ডেইলি বাংলাদেশ

ব্রডব্যান্ডের মতো আনলিমিটেড মাসিক মোবাইল ডাটার মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে আনা উচিত বলে টেলিযোগাযোগ সংক্রান্ত একটি গোলটেবিল আলোচনায় অভিমত এসেছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। বিকাশমান টেলিযোগাযোগের শক্তিতে বাংলাদেশের ডিজিটাল সেবার সম্প্রসারণ নিয়ে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিউনিকেশন (বিটিআরসি)। 

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ-উল-বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Advertisement

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স প্রতিষ্ঠান চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিফ আলিম।

তিনি বলেন, ‘ভারতে ই-কমার্স বাজার ৭৫ বিলিয়ন ডলার, বাংলাদেশ ১.৩ বিলিয়ন এবং ইন্দোনেশিয়ার ৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশে ৬০ লাখ অনলাইন গ্রাহক রয়েছে, ভারতের ১৫ কোটি আর ইন্দোনেশিয়ার ৪ কোটি অনলাইন কাস্টমার রয়েছে।’

বিডিজবস ডট কম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর বলেন, ‘ব্রডব্যান্ডের মতো মোবাইল ডাটার দামও কমিয়ে আনা প্রয়োজন এবং ব্রডব্যান্ডের মতো আনলিমিটেড মাসিক মোবাইল ডাটা মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে আনা উচিত। মোবাইল অপারেটর কর্তৃক কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিলে স্মার্টফোন ব্যবহারকারী বাড়বে বলেও জানান তিনি।’

রাইডশেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, বাংলাদেশের জন্য ডাটা লোকালাইজেশন ও ডাটা প্রটেকশন আইন জরুরি। ফেসবুকে প্রায় ৩ লাখের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, যাদের বেশির ভাগ নারী। তাই একটি প্ল্যাটফর্ম থেকে যাতে গ্রাহকের ডাটার সঙ্গে কানেক্ট করা যায় সে ব্যবস্থা থাকা প্রয়োজন।

চালডালের প্রতিষ্ঠাতা সিইও ওয়াসিম আলিম জানান, ডেটার ওপর কোনো বাধা থাকা উচিত নয়। ১২৫ কিলোবাইট ডেটা ব্যবহার করার পরিবর্তে কেউ যদি মাসে ১ জিবি ডেটা ব্যবহার করে তবেই তাকে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে গণ্য করা উচিত।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, যদি শতকরা ১০ ভাগ ইন্টারনেট ব্যবহার বাড়ে তাহলে তা জিডিপিতে ১.৮ শতাংশ ভূমিকা রাখে।

সভায় অন্যদের মাঝে  শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা সাদিয়া হক, এডটেক প্রতিষ্ঠান ‘শিখো’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহির চৌধুরী, পিকাবুর প্রধান নির্বাহী মোরিন তালুকদারসহ বিভিন্ন টেলিকম অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!