ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

চাঁদকে ট্রাফিক সিগন্যাল ভেবে বসলো টেসলার অটোপাইলট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ১ আগস্ট ২০২১
চাঁদকে ট্রাফিক সিগন্যাল ভেবে বসলো টেসলার অটোপাইলট
চাঁদকে ট্রাফিক সিগন্যালের আলো ভেবে বসেছে টেসলার অটোপাইলট। ছবি: সংগৃহীত

বড় আকারে ইলেকট্রিক গাড়ি নির্মাণের সাহস যারা দেখিয়েছে, তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে মার্কিন সংস্থা ‘টেসলা’৷ বাস্তব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এই গাড়ির ডিজাইনেও প্রায় সবদিক ভাবা হয়েছে। কিন্তু মাঝে মধ্যেই বাঁধে বিপত্তি। যেমন, চাঁদকে ট্রাফিক সিগন্যালের আলো ভেবে বসেছে টেসলার অটোপাইলট!

ইলন মাস্কের টেসলার বৈদ্যুতিক গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। পরিবেশ-বান্ধব হওয়ার পাশাপাশি অটোপাইলট, অটো-পার্কিংয়ের মতো ফিচারগুলি এই রেঞ্জের গাড়িতে ভাবাই যায় না। তবে এই টেসলাতেও রয়েছে বেশ কিছু বাগ। যা নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়।

সম্প্রতি টেসলা সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। এতে দেখা যায়, চাঁদের রঙ কিছুটা হলদে কমলা রঙের। আর তাই চাঁদকেই ট্রাফিক সিগন্যালের আলো ভেবে নিয়েছে এআই। আর তার ফলেই শুরু সমস্যা। যতই ওই ব্যক্তি স্পিড বাড়াতে চান, ততই স্পিড কমিয়ে আনে তার গাড়ি।

তবে এমনটা ঘটনা এবারই প্রথম নয়। এর আগে চাঁদ এমনকি সূর্যকে দেখেও ট্রাফিক সিগন্যালের সঙ্গে গুলিয়ে ফেলেছে টেসলার অটোপাইলট। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে এক টেসলা চালক বলেছেন, কোনো সময়ে সূর্য বা চাঁদের অবস্থানের বিষয়ে যদি আলাদা করে অটোপাইলটের কাছে তথ্য থাকে তবে এই সমস্যা হবে না।

ট্রাফিক সিগন্যালের পাশে যে ধাতব কেসিং থাকে, সেটি রেকগনাইজড হলে এই সমস্যা হবে না বলে মত অনেকের। কিন্তু রাতে সেই ফিচার কীভাবে কাজ করবে তা বলতে পারছেন না কেউই। বিষয়টা নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন সৃষ্টি হচ্ছে। ইলন মাস্ক কি সেই সমাধান করে দেবেন? কে জানে!

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!