ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

পেরুর রহস্যময় নাজকা লাইন

লেখক- ফয়সাল মোহাম্মদ
প্রকাশিত: ১২:১৯, ১৭ জুন ২০২৪
পেরুর রহস্যময় নাজকা লাইন
ছবি: অন্তর্জাল

প্রাচীনকালের মানুষেরা তৈরি করেছে এমন অগণিত রহস্যময় স্থান এখনো টিকে আছে যার মধ্যে অনেকগুলি কেবল বিমান বা ড্রোন দিয়ে দেখা সম্ভব। এর মধ্যে ছিল দুর্দান্ত কিছু লাইন বা নকশা যাকে জিওগ্লিফ বলা হয়। উদাহরণ হিসবে পেরুতে নাজকা লাইন, কাজাখস্তানের স্টেপ জিওগ্লিফ এবং বলিভিয়ার সাজমা লাইনের মতো বিশাল স্থল চিহ্নের নাম আসে। ইতিহাসবিদরা দশকের পর দশক ধরে এসব নকশা নিয়ে গবেষণা করেছেন। 

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকা জুড়ে মাটির উপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশু-পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির উপরের এই বিশালাকার সব ভূচিত্রগুলিকেই বলে নাজকা লাইন।

নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এ সব ভূচিত্রগুলো এতো বিশাল যে, আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না। নাজকা রেখা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়- জিওগ্লিফ এবং বায়োমর্ফ। বায়োমর্ফ বলতে বোঝায় জীবজগৎ অর্থাৎ পশু-পাখি বা গাছপালার ছবি। জিওগ্লিফ হল পৃথিবীর বুকে আঁকা জ্যামিতিক নকশা। নাজকার উপর প্রায় শতাধিক এমন জ্যামিতিক নকশা চোখে পড়ে। 

Advertisement

রহস্যময় নাজকা লাইন- ফাইল ফটো

এই নাজকা লাইন প্রায় দু’হাজার বছরের পুরনো। ৫০০ খ্রিস্টপূর্ব থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের। বাণিজ্যিক উড়োজাহাজ চালু হওয়ার পর এই ভূচিত্র অধিকাংশ মানুষের নজরে এসেছে। কারণ একটা নির্দিষ্ট উচ্চতা ছাড়া এর অবয়ব বোঝা সম্ভব নয়। তারপর গত ৮০ বছর ধরে রহস্যে মোড়া এই নাজকা লাইনের ব্যাপারে জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। 

ইউনেসকো ১৯৯৪ নাজকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। নাজকা লাইনের ওই অঞ্চলে ৮০০টি সরলরেখা, ৩০০ জ্যামিতিক নকশা ও ৭০টি প্রাণী ও উদ্ভিদের নকশা এখনও অবধি আবিষ্কৃত হয়েছে। কিছু কিছু সরলরেখা ৩০ মাইল পর্যন্ত লম্বা। সরলরেখার পাশাপাশি ত্রিভুজ, চতুর্ভুজ, সামন্তরিকসহ বিভিন্ন জ্যামিতিক নকশাও রয়েছে। 

মাকড়সা, হনুমান, হামিংবার্ড, হাঙর, সরীসৃপজাতীয় প্রাণীর বহু ছবি রয়েছে সারা নাজকা জুড়ে। নাজকায় প্রচুর পাখির নকশাও রয়েছে। বিশালাকার ১৬টি নকশায়, পাখিগুলোর ঠোঁট, ডানা ও লেজ আঁকা হয়েছে শরীরের তুলনায় অনেক বড় করে। 

তথ্য: অন্তর্জাল 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পেরু
লিংক সফলভাবে কপি হয়েছে!