গাছের গায়ে যেন ফুটেছে রংধনু!
রংধনু রঙের গাছ দেখেছেন কখনো? হোলির সময় টুইটারে ভাইরাল হয়েছে নানা রঙে মোড়া একটি ইউক্যালিপটাস গাছ। এক ঝলক দেখে মনে হবে, যেন তুলি দিয়ে কেউ গাছের গায়ে রং করেছেন। ক্যানভাস ভেবে গাছের গায়ে এঁকেছে রঙিন ছবি। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি দেখে মুগ্ধ নেটিজ়েনরা।
ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই রংধনু রঙের ইউক্যালিপটাস গাছের ছবি শেয়ার করেছেন টুইটারে। গত ১৫ মার্চ এই ছবি টুইটারে শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। এর মধ্যেই এই অদ্ভুত দর্শন গাছের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।
মানুষকে অবাক করার সুযোগ প্রকৃতি কখনই হাতছাড়া করে না। সম্প্রতি এই রংধনু রঙের ইউক্যালিপটাস গাছের ছবি দেখেও তেমনটাই বলছেন নেটিজ়েনরা। এই আজব গাছের ছবি টুইটারে শেয়ার করে আইএফএস অফিসার সুশান্ত নন্দা লিখেছেন, এই রংধনু ইউক্যালিপটাস গাছ হলো একমাত্র ইউক্যালিপটাস গাছ যা উত্তর গোলার্ধের আদি বাসিন্দা।
বিশ্বের সবচেয়ে রঙিন গাছ বলা হয় এই রংধনু ইউক্যালিপটাস গাছকে। প্রতি ঋতুতে যখন এই ইউক্যালিপটাস গাছের ছাল পড়ে যায় এবং নীচের নতুন ছাল প্রকাশিত হয়, তখনই এই রংধনু রঙের প্রভাব লক্ষ্য করা যায়। আর ছালের নীচের সবুজরঙা ছাল যত পরিপক্ব হয়, ততই রং বদলাতে থাকে। নীল, লাল, কমলা, বেগুনি- নানা রঙে পরিণত হয়। গ্রীষ্মকালে গাছের এই রং দেখা যায়।
২৫০ ফুট উচ্চতা হয় এক একটি গাছের। মূলত হাওয়াই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিতেও এই গাছ দেখতে পাওয়া যায়। টুইটারে এই রংধনু রঙের ইউক্যালিপটাস গাছের ছবি দেখে খুশি নেটিজ়েনরা। প্রকৃতির এমন অনন্য সৃষ্টি দেখে মুগ্ধ হয়েছেন সবাই।
কেউ বলছেন, একনজরে এই গাছ দেখলে মনে হবে যেন শিল্পী ক্যানভাসে নানা রং নিয়ে খেলেছেন। কেউ বা বলছেন প্রকৃতির অনন্য সৃষ্টি, একদম ইউনিক পেন্টিং।