ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় প্রতারণার শিকার বাংলাদেশিরা, উদ্বিগ্ন জাতিসংঘ

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২০:৩৮, ৪ মে ২০২৪
মালয়েশিয়ায় প্রতারণার শিকার বাংলাদেশিরা, উদ্বিগ্ন জাতিসংঘ
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চাকরিতে প্রতারণার শিকার হয়ে মাসের পর মাস দুর্ভোগে রয়েছে শত শত  প্রবাসী বাংলাদেশি। তাদের এই দুর্দশার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়)।

সংস্থাগুলো জানিয়েছে, আটকে পড়াদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে তারা প্রস্তুত। এর মধ্যে রয়েছে ন্যায়বিচার ও মৌলিক সেবায় তাদের প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি পরিস্থিতির অধিকার-ভিত্তিক ও টেকসই সমাধান খুঁজে বের করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, তিনটি সংস্থাই মালয়েশিয়ার বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা, আন্তর্জাতিক মান ও ভালো অনুশীলন গ্রহণ এবং একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া বিকাশের জন্য গঠনমূলক নীতি সংলাপকে সমর্থন করে মালয়েশিয়া সরকারকে সহায়তা করতে প্রস্তুত।

Advertisement

এতে আরো বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এখন সবচেয়ে বেশি। ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে দেশে আসার পরে কর্মীদের চাকরি না দেওয়ার রিপোর্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও সংস্থাটি বলেছে।

দেশটিতে বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়, নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টদের বিরুদ্ধে শ্রমিকদের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত রাখার অভিযোগ রয়েছে। এমনকি শ্রমিকদের প্রায়ই জনাকীর্ণ হোস্টেল, অ্যাপার্টমেন্ট, এমনকি গুদামঘরে রাখার অভিযোগও রয়েছে।

এছাড়া তাদের অস্বাস্থ্যকর পরিবেশ রেখে ন্যূনতম খাবার দেওয়া, বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত করা এবং ন্যূনতম স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়গুলোও প্রতিবেদনে ওঠে এসেছে।

গত এপ্রিলে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ বাংলাদেশি শ্রমিকদের অস্তিত্বহীন কাজের কারণে শোষণের শিকার হওয়া থেকে রক্ষার প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরা বলছেন, প্রতারণার শিকার হওয়ার আগেই চাকরির প্রতিশ্রুতি পাওয়ার পর বাংলাদেশি অভিবাসীরা মালয়েশিয়ায় যাওয়ার খবরে তারা হতাশ।

গত অক্টোবরে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধীন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার প্রতি মালয়েশিয়ার বিপর্যয়কর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!