ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তিন বছর পরে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নায়িকা আঁচল আঁখি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ৩০ নভেম্বর ২০২৩
তিন বছর পরে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নায়িকা আঁচল আঁখি
ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয়েছে তার। প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তারা। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। এতদিন কিছু সংবাদমাধ্যমে গায়ক সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত স্বামী। আর বিয়ের বিষয়টি কেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সেটিও জানিয়েছেন এ নায়িকা।

আঁচল আঁখি বলেন, ‘সৈয়দ অমি আসলে আমার প্রেমিক নয়, স্বামী। বিয়ের আগে আমাদের প্রেম করা হয়নি। একটি গানের মিউজিক ভিডিও নিয়ে কয়েকবার কথা হয়েছিল। আর গানটি রিলিজের পর হয়তো দু’ থেকে তিনবার দেখা হয়েছিল আমাদের। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি এবং আয়োজনেই হয়েছে।’

Advertisement

২০২০ সালের ডিসেম্বর। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় অমি-আঁখির। এরপর আরো কয়েকবার কথা হয়। তারপর জানুয়ারিতে (২০২১) শুটিং হয় গানটির। যা প্রকাশ হয় ওই মাসেই। গানটি ভালো সাড়াও পায় শ্রোতামহলে।

২০২১ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখে বিয়ে হয় অমি-আঁচলের। এ ব্যাপারে নায়িকা বলেন, ‘ওই বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমাদের দেখা হয়। আমি তখন বলি যে, চলো, তোমার মা’র সঙ্গে দেখা করব আমি। এরপর ওর গ্রামের বাড়িতে রওনা হই। তখন আমি তো ওর বাড়িতে গিয়ে অবাক। সেখানে দেখি ওর পরিবারের সবাই বিয়ের আয়োজন প্রায় প্রস্তুত করে রেখেছে। আমি ঠিক কী করব বুঝে উঠতে পারছিলাম না। আমি যেন নিজের মধ্যে নেই। ওর পরিবারের লোকজন যা বলছে তাই করছি আমি। আমাদের ওইদিনই বিয়ে হতো। কিন্তু যেতে রাত হওয়ায় পরদিন বিয়ে হয়। পরে আমাকে একদিন থাকতে বলা হয়। এরপর আমি আমার বাড়িতে জানাই। তারা সেখানে যায়। তারপর ১৫ তারিখে বিয়ে হয় আমাদের।’

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। তবে ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা করে সাফল্য ও খ্যাতি লাভ করেন তিনি। একযুগের ক্যারিয়ারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর সবশেষ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!