ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রিমেকে আপত্তি জানিয়েছেন দুলকার সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৮, ১২ আগস্ট ২০২৩
রিমেকে আপত্তি জানিয়েছেন দুলকার সালমান
দুলকার সালমান

মালায়লাম সিনেমার রাজপুত্র দুলকার সালমান। দুর্দান্ত সব গল্পের সিনেমায় অনবদ্য অভিনয় করে জিতে নিয়েছেন দর্শকের মন। তার জনপ্রিয়তা কেরালার সবুজ প্রান্তর পেরিয়ে ছড়িয়ে গেছে গোটা ভারত এমনকি আন্তর্জাতিক পর্যায়েও। তবে সাফল্যের সঙ্গে কাজের স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন না তিনি। বেছে বেছে, পছন্দসই কাজেই যুক্ত হচ্ছেন এই তারকা।

ওটিটির উত্থানের পর অনেক তারকাই ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে দুলকার একটু সময় নিলেন। কারণ তিনি চান, নতুন কিছু উপহার দিতে। কোনও রিমেক প্রজেক্টে কাজ করতে একদমই নারাজ অভিনেতা। 

দুলকার সালমান বলেন, ‘ওয়েব সিরিজের জন্য অনেক প্রস্তাব পাচ্ছি। তবে বেশিরভাগই রিমেক, যেগুলো আগে পশ্চিমা দেশে তৈরি হয়েছে। আমি আসলে রিমেক থেকে দূরে থাকতে চাই এবং অরিজিনাল কনটেন্টে কাজ করতে চাই।’

সেই ইচ্ছে থেকে রাজ ও ডিকের নির্মাণে একটি সিরিজে কাজ করছেন দুলকার সালমান। যারা ‘দ্য ফ্যামিলি ম্যান’র মতো সিরিজ বানিয়ে বিপুল সাড়া জাগিয়েছেন। এই নির্মাতাদ্বয়ের নতুন সিরিজেই কাজ করছেন দুলকার। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমার মনে হয়েছে, সিরিজে কাজের জন্য তারাই সেরা মানুষ। আমি তাদের সিরিজ ও সিনেমা দেখেছি এবং খুব ভালো লেগেছে। এরপর তাদের সঙ্গে আলাপ করলাম, তারা জানালেন একটি চরিত্র আছে সিরিজটিতে। তাই আমি এই কাজটির অভিজ্ঞতা নিতে চেয়েছি।’

এদিকে অনেক দিন ধরেই ওটিটির সেন্সরশিপ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ প্রসঙ্গে ‘সীতা রামম’ অভিনেতা দুলকার সালমান বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, বাজে ভাষা কিংবা অনেক বেশি মারামারি দেখানোর প্রয়োজন নেই। যখন মাধ্যমটি (ওটিটি) এলো, মানুষ আসলে স্বাধীনভাবে কাজের চেষ্টা করেছে। এর সঙ্গে দর্শকের রুচিও পরিবর্তন হয়েছে।’

উল্লেখ্য, মালায়লাম কিংবদন্তি মাম্মুত্তির পুত্র দুলকার সালমান। ২০১২ সাল থেকে তিনি সিনেমায় কাজ করছেন। ওই বছরই ‘উস্তাদ হোটেল’ সিনেমার মাধ্যমে নিজের সম্ভাবনার জানান দেন দুলকার। এরপর ‘বেঙ্গালোর ডেইজ’, ‘১০০ ডেইজ অব লাভ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কাম্মাটিপাড়াম’, ‘কারওয়ান’, ‘কুরুপ’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। দুলকারকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালের হিন্দি সিনেমা ‘চুপ’-এ। আগামী ২৪ আগস্ট মুক্তি পাচ্ছে দুলকারের নতুন সিনেমা ‘কিং অব কোঠা’। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!