ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভিন্ন আয়োজনে এবারের ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ৮ মে ২০২১
ভিন্ন আয়োজনে এবারের ‘ইত্যাদি’
ফাইল ছবি

দীর্ঘ তিন দশক ধরে ‘ইত্যাদি’ ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। ঈদ আর ইত্যাদি যেনো একই সূত্রে গাঁথা। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রিয় এ অনুষ্ঠানটির জন্য। তাই বর্ণিল ও বিষয়ভিত্তিক নানান উপকরণে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’। 

শত শিল্পীর পরিবেশনায় থাকবে ‘রমজানের ওই রোজার শেষে, এলো খুশির ঈদ’ গানটি। এছাড়া তারকাদের নিয়ে নিত্যনতুন বিষয়ের ওপর মজার মজার পর্ব, বিদেশিদের অংশগ্রহণে সমাজহিতৈষী বিভিন্ন আনন্দদায়ক পর্বও থাকছে।

তবে এবারের ‘ইত্যাদি’র সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে করোনাভাইরাসের কারণে। এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ‘ইত্যাদি’ ধারণ করা হয়নি। ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে ভিন্নভাবে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’। এবার শুরু এবং শেষে থাকবে বিশেষ চমক, যা নতুনভাবে ধারণ করে সংযোজন করা হয়েছে এই বিশেষ পর্বে।

জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে ‘ইত্যাদি’। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে ‘ইত্যাদি’।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!