ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নজরুল ভাস্কর্যের হাত ভেঙে গেছে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ২৩ আগস্ট ২০২০
নজরুল ভাস্কর্যের হাত ভেঙে গেছে
ছবি: সংগৃহীত

বিএফডিসিতে কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের ডান হাত ভেঙে গেছে। সেখানকার ৩ ও ৪ নম্বর ফ্লোরের মাঝখানেই ভাস্কর্যটির অবস্থান। আর নতুন ভবন নির্মানের জন্য ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর ভাঙার সময় নজরুল ভাস্কর্যের হাতটি ভেঙে গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে এরইমধ্যে এটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। 

এ বিষয়ে ‘বিএফডিসি ভবন’ নির্মাণ প্রকল্পের উপপরিচালক কে এম আইয়ুব আলী বলেন, নজরুল ভাস্কর্যের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে আমরা ওয়াকিবহাল। ইতোমধ্যেই এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবির ভাস্কর্যটির যতটুকু অংশ ভেঙে গেছে তা ঠিক করে দিতে হবে ফ্লোর ভাঙার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

উল্লেখ্য ১৯৮৭ সালে এফডিসিতে ‘নজরুল ভাস্কর্য’টি স্থাপন করা হয়। মূল ফটক দিয়ে ঢুকতেই ৩ ও ৪ নম্বর মাঝে ভাস্কর্যটি চোখে পড়ত। এটি নির্মাণ করেন ভাস্কর শামীম শিকদার। বহুদিন যাবৎ এটি অযত্নে অবহেলায় পড়েছিল। ৩ ও ৪ নম্বর ফ্লোর ভাঙার কাজ চলায় এটিকে ৮ নম্বর ফ্লোরের কাছে নিয়ে রাখা হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!