ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের প্রয়োজন অনুভব করছেন অপু 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ৬ ডিসেম্বর ২০১৯
বিয়ের প্রয়োজন অনুভব করছেন অপু 
অপু বিশ্বাস

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। পাশাপাশি স্টেজ শো আর কর্পোরেট অনুষ্ঠানে দেখা যায় তাকে। শাকিব খানের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর অপুর নতুন করে বিয়ে বা প্রেম নিয়ে বিভিন্ন সময় মুখরোচক খবর ছড়িয়েছে। যা গুজবেই পরিণত হয়েছে। কিন্তু এবার নিজে থেকেই বিয়ের প্রয়োজন অনুভব করছনে অপু বিশ্বাস।

এরই মধ্যে বেশ কয়েকবার শোনা গেছে, আবার নাকি বিয়ে করতে যাচ্ছেন তিনি। আবার নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গেও প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে খবর ছড়িয়েছে। এরকমও শোনা গেছে বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। 

বিষয়গুলো নিয়ে অপু বিশ্বাস একটি সংবাদমাধ্যমকে বলেন, বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। এটি সত্য যে বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। আর কেবল পরিবারের কথাই বলি কেন, আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।

তবে কবে নাগাদ বিয়ে করছেন সে ব্যাপারে ঢালিউড কুইন খ্যাত এ নায়িকা বলেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে। অপেক্ষা করেন, সময় হলেই জানতে পারবেন।

অপু বিশ্বাস সবশেষ দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এর বাইরে কলকাতার ‘শর্টকাট’ নামের সিনেমায় অভিনয় করেছেন। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!