এইডস রোগীর সঙ্গে প্রেম, স্বপ্ন ভাঙল তরুণীর
শরীরে HIV জীবাণু বহনকারী ভারতের এক যুবক। জীবাণুর তথ্য লুকিয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সাগরে ডুবেছিলেন তিনি। প্রেমকে পরিণয় দিতে আয়োজন করা হয় বিয়ের। দুটি হাত এক হতে প্রায় সব কাজ সম্পন্নের পথেই ছিল। হঠাৎ হবু স্বামী এইডস রোগী জেনে তরুণীর স্বপ্নের বিয়েটি বানচাল হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।
সংবাদমাধ্যমটি জানায়, উত্তর ২৪ পরগনার হালিশহরের এক এইডস রোগী যুবক বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে এক তরুণীকে পছন্দ হয় তার। এক পর্যায়ে রোগের কথা লুকিয়ে বেশ কয়েদিন প্রেম হয় তাদের। এরইমধ্যে যুবককে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেন তরুণী।
বিয়ের জন্য জুটির মধ্যে শুরু হয় তোড়জোড়। বেজেছে বিয়ের সানাই। ছেলের গায়ে লাগানো হলুদ যায় কনের বাড়িতে। কিন্তু সেই পর্যন্ত ছিল আনন্দ। এরপর আচমকা এইডস রোগের খবর ফাঁস হওয়ায় বানচাল হয় বিয়ে। তরুণীর আফসোস, বিয়ের আগে এমন প্রতারণা ঘুণাক্ষরে টের পাননি। এভাবেই বোকা হবেন বলে ভাবেননি তিনি।
ওই রোগের খবরটি জানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উত্তর ২৪ পরগনার হালিশহর মহকুমার কর্মকর্তাদের তথ্যটি জানায় সংগঠনটি। পরে কর্মকর্তারা পুলিশকে জানালে যুবককে আটক করা হয়। পরে পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি খোলাসা হয়। এতে দুটি প্রাণ মারাত্বক মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে গিয়েছে। এই ভেবে সংগঠনের কর্মীরা অনেক খুশি।