ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সড়ক দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি
উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তবে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান উপাচার্য।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামী এলাকার লিংক রোডে চবি উপাচার্যকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহনকারী সাদা পাজেরো গাড়িতে শহরে যাচ্ছিলেন। দুপুর ৩টার দিকে নগরীর বাইজিদ বোস্তামী এলাকার লিংক রোডে পৌঁছাতেই দুর্ঘটনার কবলে পড়েন। একটি বড় ট্রাক তার গাড়িকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। বিকল হয়ে যায় উপাচার্যকে বহনকারী গাড়ি। তবে এতে মারাত্মক  দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান চবি উপাচার্য।

Advertisement

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা দেন।

এ ঘটনায় চবি উপাচার্য পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি বলেন, দুর্ঘটনায় উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি নষ্ট হয়ে গেছে। একটা ট্রাক উপাচার্যের গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে চবি উপাচার্য প্রাণে বেঁচে গেছেন। তিনি ক্যাম্পাসে ফিরে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উপাচার্য সুস্থ আছেন এটাই বড় বিষয়। তবে উপাচার্যকে বহনকারী গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটা দ্রুত ক্যাম্পাসে ফিরিয়ে আনছি। এটা মেরামতের ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!