বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
.png)
আবেদনের যোগ্যতা
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে উচ্চমাধ্যমিক/ আলিম/ সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, গণিত, রসায়ন ও ইংরেজি বিষয় মিলিয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ১৭.৫ থাকতে হবে। তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।
পরীক্ষার্থী বাছাইপ্রক্রিয়া
আবেদনকারীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও যন্ত্রকৌশল অনুষদসমূহের মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।
প্রার্থী GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল পাস করে থাকলে তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ন্যূনতম ‘A’ গ্রেড পেয়ে পাস হতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় বিষয়গুলোতে ন্যূনতম ‘A’ গ্রেড পেয়ে পাস হতে হবে।