ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েট শিক্ষকের মদপানের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ৫ জুন ২০২৪
চুয়েট শিক্ষকের মদপানের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রভাষক শাফকাত আর রুম্মান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহিদ তারেক হুদা হলে বসে মদপানের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল (৪ জুন) চুয়েট প্রশাসন দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। 

অভিযুক্ত শিক্ষকের নাম শাফকাত আর রুম্মান। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক। 

জানা যায়, গত শুক্রবার (৩১ মে) চুয়েটের ১৮তম ব্যাচের শিক্ষা সমাপনীর শেষদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে একটি কনসার্ট আয়োজন করা হয়। কনসার্ট চলাকালীন সময়ে ভোর ৪টা নাগাদ শাফকাত আর রুম্মান বিশ্ববিদ্যালয়ের শহিদ তারেক হুদা হলে মদপান করতে যান। পরে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও চুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্চিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী জান্নাতুল ফেরদৌস তাকে মদপান করতে দেখেন। এ সময় অভিযুক্ত শিক্ষক নিজের স্ত্রী ও সহকর্মীকে দেখে উত্তেজিত হয়ে বকাঝকা করতে থাকেন। পরে হলের বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাকে শিক্ষক ডরমিটরিতে পৌঁছে দেন। 

Advertisement

এ ঘটনা জানাজানি হলে চুয়েট প্রশাসনের নজরে আসে এবং তারা এর সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধরকে সভাপতি এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ সদস্য করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। 

এ বিষয়ে চুয়েটের ডিপুটি রেজিস্ট্রার রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মদপানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন জমা দেবেন। সত্যতা পেলে ঐ শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!