বুধবার (২৭ নভেম্বর) রাতে এই কর্মসূচির ডান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। এর প্রেক্ষিতে টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে হান্নান মাসুদ লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে রাত ১০টা ৪৫ মিনিটে টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’
.png)
চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আজ সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে তাদের গাড়ি।
এদিকে, হাসনাত ও সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে চট্রগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। আটককৃতদের পরিচয় এখনো জানা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।