ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মহাখালীতে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ১৮ নভেম্বর ২০২৪
মহাখালীতে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে রেললাইনের দুপাশে দুটি আন্তঃনগর ট্রেন আটকে থাকতে দেখা গেছে। বন্ধ হয়ে গেছে ঐ সড়কের যানচলাচল ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা রেললাইন আটকে আন্দোলন করছেন। আন্দোলনের মুখে মহাখালী এলাকায় রেললাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

Advertisement

সরেজমিন দেখা যায়, শতাধিক শিক্ষার্থী মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন। এতে করে ঐ সড়কেও যানচলাচল বন্ধ হয়ে গেছে। এসময় শিক্ষার্থীরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তারা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!