রাবিতে ভিসি নিয়োগ ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অচলাবস্থা নিরসন ও ভিসি নিয়োগের মাধ্যমে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর ২টায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা তাদের হাতে প্ল্যাকার্ডে বিভিন্ন বিষয় তুলে ধরে। প্ল্যাকার্ডে লেখা ছিল ২৪ ঘণ্টায় ভিসি চাই, প্রশাসনিক অচলাবস্থার দ্রুত নিরসন চাই, দ্রুত ভিসি নিয়োগ চাই, চার বছর কেন ৬ বছর, সেশনজট নিরসন চাই, ক্যাম্পাসে দ্রুত প্রশাসন ফেরত চাই, ক্যাম্পাসের প্রাণ ফিরুক, ক্যাম্পাসে প্রাণ ফিরুক দ্রুত, যথাশীঘ্র ক্লাস পরীক্ষা চাই, দ্রুত ক্লাস পরীক্ষা চালু চাই।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় কর্মকার বলেন, ২০১৯ সালের করোনা মহামারির জন্য আমাদের শিক্ষা-কার্যক্রম প্রায় ২ বছর বন্ধ ছিল। প্রশাসন থেকে আমাদের বলা হয়েছিল, যে জটটা হয়েছে তা নিরসনে তারা কাজ করবে। কিন্তু পরবর্তীতে সেরকম কোনো পদক্ষেপই আমরা দেখতে পাইনি। এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, গত জুলাই মাস থেকে শিক্ষকদের আন্দোলন ও কোটা আন্দোলন সব মিলিয়ে ৪ মাস আমরা অচলাবস্থায় পড়ে আছি।
তিনি বলেন, আমাদের অনেকে অনার্স-মাস্টার্স এ আছে যাদের বাহিরে যাওয়ার জন্য ভিসা হয়ে আছে, আবার অনেকের চাকরি হয়ে গেছে। কিন্তু ভিসি নিয়োগ না থাকার কারণে আমরা সার্টিফিকেট পাচ্ছি না। এ জন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ভিসি নিয়োগ দিয়ে যত প্রশাসনিক বডি আছে তা নিয়োগের মাধ্যমে ক্লাস-পরীক্ষাসহ যত ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম আছে তা দ্রুত শুরুর দাবিতেই আমাদের আজকের অবস্থান কর্মসূচি।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদাউজ্জামান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় পুড়াই অচলাবস্থা। আমরা আজকে এখানে এসেছি কারণ আমরা এরই মধ্যে ২ বছর ধরে সেশনজটে পরে আছি। আমাদের ৪ বছরে অর্থাৎ ২০২২ এ অনার্স শেষ হওয়ার কথা কিন্তু এখন ২০২৪। আমাদের দাবি, খুব দ্রুত যেন ভিসি নিয়োগ হয় এবং আমাদের শিক্ষা-কার্যক্রম দ্রুত চালু হয়।