বুধবার (২৪ জুলাই) রাত সাড়ে ৭টা পর্যন্ত সরেজমিনে দেখা যায় একেবারেই সুনসান নীরব ঢাকা বিশ্ববিদ্যালয়। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র, ভিসি চত্বর, পলাশী, চানখারপুল, শাহবাগসহ বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন। যদিও পূর্ববর্তী দিনগুলোর তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।
পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করাতে ক্যাম্পাস এলাকাতে বিকেল পর্যন্ত হাতেগোনা লোক দেখা গেছে। এছাড়া ছিল পথচারী। এদিকে একাডেমির কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও দাফতরিক কার্যক্রম চলেছে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত।
.png)
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ডেইলি বাংলাদেশকে বলেন, নোটিশ অনুযায়ী রেজিস্ট্রার ভবন খোলা ছিল৷ সব ধরনের দাফতরিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। ঐ নোটিশ অনুযায়ী বৃহস্পতিবারেও যথারীতিতে সব ধরনের দাফতরিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে৷ এখন পরবর্তী নোটিশ সাপেক্ষে বলা যাবে, আগামীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের কার্যক্রম চলমান থাকবে কি-না; এ মুহূর্তে নিশ্চিত করেই কিছু বলা যাচ্ছে না।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পাশাপাশি কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে এবং হলগুলোয় মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়াসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে প্রশাসন।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলগুলোর কক্ষগুলো সংস্কার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ করছে।’
এতে ক্যাম্পাস ও হল খুলে দিতে এরই মধ্যে পাঁচ পদক্ষেপ গ্রহণের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেগুলো হলো-
ঢাবি ক্যাম্পাসে কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবেন, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের মতো নিয়োজিত থাকবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলের কক্ষগুলো সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য। হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবে। প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।
এর আগে গত ১৭ জুলাই সিন্ডিকেটের এক জরুরি বৈঠকের সিদ্ধান্তের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এছাড়া হলে অবস্থানরত সব শিক্ষার্থী সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরপরই পুরোপুরিভাবে হল ছাড়তে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।