ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কোটা বাতিলের দাবিতে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১ জুলাই ২০২৪
কোটা বাতিলের দাবিতে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদ জানিয়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ছাত্র সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা চার দফা দাবি জানায়।

সোমবার (১ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে থামে। সেখানে শিক্ষার্থীরা প্রায় ১০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে।

Advertisement

শিক্ষার্থীদের দাবিগুলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘সরকারি চাকরিতে এই কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের অমূল্যায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সরকার থেকেই বৈষম্যের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে কোটা বহালের রায় বাতিল করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!