ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির হলে ছাত্রলীগ কর্মীর মদপানের ছবি ভাইরাল, রুম সিলগালা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২৫ এপ্রিল ২০২৪
চবির হলে ছাত্রলীগ কর্মীর মদপানের ছবি ভাইরাল, রুম সিলগালা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল রুমে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল ছাত্রলীগকর্মী আশিকুজ্জামান জয়ের বিরুদ্ধে। এরপরেই তার মদপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আশিকুজ্জামান জয়ের রুমটি সিলগালা করেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী আরশাদ চৌধুরী।

জানা যায়, আশিকুজ্জামান জয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের অনুসারী। তিনি আবাসিক এ এফ রহমান হলের ৪৪৪ রুমে বসে মাদক সেবন করে থাকেন। বেশকিছু ছবিতে তাকে ঐ রুমে বসে মদ পান করতে দেখা গেছে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে মাদক সেবনের জেরে বিজয় গ্রুপের অনুসারীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমে আশিকুজ্জামানের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।

Advertisement

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত। সবসময় মাদকাসক্ত থাকে এবং সবার সঙ্গে খারাপ আচরণ করে বেড়ায়। এরই জেরে সোমবার রাতে মারধরের ঘটনা ঘটে। মূলত বিজয় গ্রুপের একাংশের নেতা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে সম্পর্ক খারাপ ও মাদক সেবনের জন্যেই মারধর করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী আশিকুজ্জামান জয়ের। অপরদিকে হলে মাদক কারবারের বিষয়ে নিষেধ করতে গিয়ে কথাকাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়েছে বলে দাবি অভিযুক্তদের।

মারধরের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল্লাহ আল জোবায়ের নিলয় বলেন, ঐ ছেলে (আশিকুজ্জামান জয়) মাদকাসক্ত এবং হলে দীর্ঘদিন ধরে মাদকের আস্তানা তৈরি করে রেখেছে। তার এসব কর্মকাণ্ডের কারণে হলের সিনিয়র জুনিয়র সবাই বিরক্ত। আমরা বিভিন্ন সময় নানাভাবে তাকে এসব থেকে বিরত থাকতে বলে আসতেছি। কিন্তু তিনি কিছুতেই কর্ণপাত করে না। 

তিনি বলেন, ঘটনার দিনও আমরা সেশনের সব বন্ধুরা মিলে তাকে এ নিয়ে বুঝাতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে চরমভাবে খারাপ ব্যবহার করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে। যার কারণে সেখানে থাকা কয়েকজন রেগে যায় এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অপর অভিযুক্ত রাসেল রাজ বলেন, আমরা শুধু কথা বলতে গিয়েছিলাম। মারধরের কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। বাইরে থেকে আমরা কোনো অস্ত্রই নিয়ে যাইনি। তিনি যে লাঠিসোঁটা ও হকিস্টিকের কথা বলছে তা সম্পূর্ণ মিথ্যা।

চবির এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী আরশাদ চৌধুরী বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে হলের ৪৪৪ রুমে গিয়েছিলাম। তখন ওখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আমরা কিছু মদের খালি বোতল পেয়েছি। সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। বোতলগুলোকে ব্যবহার করেছে তা আমরা জানি না। তদন্ত করে এ বিষয়ে বলতে পারব। আর হলের ৪৪৪ রুমটি সিলগালা করে রাখা হয়েছে।

চবির সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র বলেন, এ বিষয়ে আমরা জানতে পেরেছি। মাদকের কিছু ছবিও আমাদের কাছে এসেছে। মাদকের বিষয়ে সবসময় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। এ বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!