ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রমজানে স্কুল বন্ধের বিষয়ে সরকারের অবস্থান জানালো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৭, ১০ মার্চ ২০২৪
রমজানে স্কুল বন্ধের বিষয়ে সরকারের অবস্থান জানালো মন্ত্রণালয়
প্রতীকী ছবি

পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রমজানে স্কুল খোলা রাখার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তাও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

এর আগে দুপুরে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।  

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম।  

পরে জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন এবং হাইস্কুল ১৫ দিন খোলা রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট রুলও জারি করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: স্কুল
লিংক সফলভাবে কপি হয়েছে!